Tuesday, 5 March 2013

আমি একজন পুলিশ অফিসারের সন্তান !


ছোটবেলা থেকে দেখতে দেখতে বড় হয়েছি একজন পুলিশের জীবন কি। এমনও হয়েছে বাবার সাথে দেখা হয়েছে একমাস পর, যদিও একই বাসায় থাকি আমরা। আমি বারোটায় ঘুমিয়ে যাই, তিনি ফেরেন রাত দুইটায় ! আবার ভোরে চলে যান। যখন বাসায় থাকেন ও দীর্ঘ ক্লান্তি আর অবসাদের পরে গভীর ঘুমে অচেতন থাকেন। ঘরে বোম ফাটালেও আব্বার ঘুম ভাঙ্গতো না তখন। আমরা এই নিয়ে হাসাহাসি করতাম।

সন্ধ্যাবেলা আব্বা বেরিয়ে যেতেন। স্কুল থেকে অভিভাবকের স্বাক্ষর লাগবে এইরকম অনেক কাগজ পত্র প্রায়ই থাকতো। তাতে কখনোই আব্বার স্বাক্ষর আর করানো হত না। আম্মা হতাশ মুখে স্বাক্ষর করতেন। আমার মাথায় ঢুকে গেলো, অভিভাবক মানেই মা ! স্বাভাবিকভাবেই তাই, মা বাজার করে, স্কুল থেকে আনা নেয়া করে, বাসার সবকিছু করে, অসুস্থ হলে ওষুধ পত্রের জন্য দৌড়াদৌড়ি করে, বই খাতা মলাট করে দেয়, সবকিছুই তো আম্মাই করে ! বাবা আবার অভিভাবক হবে কেন। এমনকি ঈদের দিন নামাযটা পড়েই দৌড় দেয় কোথায় যেন। মাঝে মাঝে তাও পড়ে না, আমি শুকনো মুখে একা নামায পড়তে যাই। তার কাজ শুধু বাইরে থাকা আর ঘুমানো। আর বাজার করা নিয়ে আম্মার সাথে মাঝেমধ্যে গ্যান্জ্ঞাম করা !

আমি তখনো জানতাম না তিনি সারাদিন বাইরে কি করেন। আমি জানতাম না তিনি কোন কোন ঈদে যখন গুরুত্বপূর্ণ মানুষরা নতুন পোশাক পরে ঈদের নামায পড়তে থাকেন তখন সেই পুরনো নীল খাকি পোশাক পরে পাশে দাড়িয়ে নামাযরত মানুষদের পাহারা দেন। তার আর নামায পড়া হয়না ! আমি তাও কখনো ভাবিনি যে যখন ঈদের নামায পড়তে তিনি আমাকে নিয়ে যাচ্ছেন ঈদগাহে তখন তার ফোনে অনবরত ফোন আসছে, ওসি সাহেবের ফোন। তাড়াতাড়ি থানায় যাওয়ার জন্য। তিনি মুখ শুকনো করে রেখেছেন, বারবার ফোনের দিকে তাকাচ্ছেন, কোনভাবে যেন ম্যানেজ করা যায়। বাসায় ফিরে শান্তিতে যেন দুপুরের খাবারটা না হোক, সেমাই পায়েসটুকু শান্তভাবে বসে খেতে পারেন। তারপরও তিনি হাসিমুখে শিশুসন্তানকে ঈদের নামাজের নিয়ম মনে করিয়ে দিচ্ছেন, "তাকবীরগুলো যেন কোথায় কোথায় দিতে হয়, মনে আছে ? ঈদের নামাযের নিয়্যত মনে আছে ? দাড়াও এই যে শোনো আরেকবার..."

মাঝে মাঝে আমিই মনে করিয়ে দিতাম। আব্বা বলতে গিয়ে দেখা যেতো নিজেই ভুলে গেছেন। আমি কখনো ভুলিনি। আমি জানতাম আব্বা ভুলে যাবে, আমারই মনে করিয়ে দিতে হবে। তাই আগেই শিখে যেতাম।

একটা ঘটনা বলি, আমার বাবার সারা শরীরের চামড়া ছিলে মতো গেছে। রক্তাক্ত অবস্থা। রাস্তার সাথে হেচড়ানো হয়েছে এমন, এক অপরাধীকে ধরতে এই কান্ড। সে পালাচ্ছিলো, আব্বা তার পা চেপে ধরেছে। যতদূর দৌড়াতে পেরেছে ততদূর আব্বা হেচড়িয়ে গেছে তার সাথে। তাও ছাড়েনি। যতটুকু মনে পড়ে সে কোন এক মার্ডার কেসের আসামী ছিল।

আব্বার গায়ে খত তখনো সারেনি। ভয়াবহ অবস্থা। এরমধ্যেই একটা ফোন আসলো আসামীকে ছেড়ে দেয়ার জন্য। আব্বা হতাশ মুখে জ্বি স্যার বললেন কয়েকবার। আমি সেই জ্বি স্যার এর মধ্যে নিজের জীবনের প্রতি তীব্র ঘৃণাও শুনেছিলাম !

এইরকম আরো হাজারো ঘটনার কথা আমি মনে রাখিনি। তিনিও রাখেননি। হাজারো পুলিশ কর্মকর্তার জীবনের হাজারো এমন ঘটনা কেউ কখনো জানবেনা, মনে রাখা তো দূরের কথা ! তাদের স্ত্রীদের আত্মত্যাগের কথা, সন্তানদের দীর্ঘশ্বাসের কথা কেউ কখনো জানবেনা ! তাতে কি আসে যায়, আমি জানি !

আমি আজ গর্বের সাথে বলছি, আমি একজন পুলিশ অফিসারের সন্তান ! আমার শৈশবে যখন আমি বাবার সঙ্গ চেয়েও পাইনি তখন তিনি জাতির কোনো রুই কাতলার প্রাণ রক্ষা করছিলেন। এমন কারো যার আমার বাবার প্রাণ গেলে বিশ হাজার টাকার স্বান্তনা ছাড়া আর কিছুই আসে যায় না! আমি গর্বিত, আমার বাবার বাজার না করা নিয়ে। আমি গর্বিত আমার বাবার স্বাক্ষর না করা সব কাগজ নিয়ে, আমার মায়ের তার স্বামীর প্রতি সব অভিযোগ আর দীর্ঘশ্বাস নিয়ে। আমি গর্বিত ! !

আমার বাবাও আজ লাখো পুলিশ কর্মকর্তার মতো স্বাধীনতা বিরোধী জানোয়ারদের সাথে লড়ছেন। আর হাজারটা মানুষের মত তার প্রাণ ও বিপন্ন ! আমি আমার পিতা ও পিতাসম সকল পুলিশ কর্মকর্তাকে শ্রদ্ধা জানাচ্ছি। লেখার মাঝখানেই কান্না শুরু করেছিলাম ! সকল পুলিশ ভাইদের অশ্রুসজল স্যালুট !

(
পুনশ্চ: আমার বাবা জানেন না তার ছেলেও একজন যোদ্ধা, তার প্রাণও বিপন্ন। আমি আন্দোলনে আছি তাকে জানানো হয়নি। তিনি যেতে দিতেন না। প্রতিদিন তিনি বাসায় থাকার পরামর্শ দিচ্ছেন। আমি বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি আর ফোনে হু হা করছি। তিনি ঢাকার বাইরে তাই রক্ষা। ভাবতে ভালো লাগছে, অজান্তে হলেও বাপ ব্যাটা একই সাথে স্বাধীনতার স্বপক্ষে যুদ্ধ করছি। কেউ উর্দি পরে, কেউ উর্দি ছাড়া, মাথায় পতাকা বেঁধে। উর্দি আর পতাকা দুটোতেই মৃত্যুর ছাপ !)


সামিউল আজিজ সিয়াম

No comments:

Post a Comment